ব্র্যাড পিটের বাড়িতে দুর্ধর্ষ চুরি

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিনেমার প্রচারে পিটের ব্যস্ততার সুযোগে তার ফাঁকা বাড়িতে হানা দিয়েছে চোরের দল।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, পিটের লস ফেলিজের বাড়িতে বুধবার মধ্যরাতে তিন চোর ঢুকে একেবারে তছনছ করেছে। চোরেরা ওই বাড়িতে ঢুকেছিল জানালা দিয়ে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের মতে, তিন সন্দেহভাজন লস ফেলিজ পাড়ার একটি জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। বাড়িটি অস্কারজয়ী অভিনেতার কিনা তা পুলিশ নিশ্চিত করেনি, তবে ঠিকানাটি পিটের ২০২৩ সালে কেনা একটি বাড়ির সঙ্গে মিলে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনরা চুরি যাওয়া জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে, যদিও কী নিয়ে গেছে তা স্পষ্ট নয়। তবে ঘটনার সময় অভিনেতা বাড়িতে ছিলেন না।

এই ঘটনার কয়েকদিন আগে, ব্র্যাড পিট তার নতুন চলচ্চিত্র ‘এফ ১: দ্য মুভি’-এর প্রচারের জন্য বিদেশে ছিলেন। তিনি সর্বশেষ গত ২৩ জুন লন্ডনের লেস্টার স্কয়ারে ছবিটির ইউরোপীয় প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। সিনেমায় ব্র্যাড পিট সাবেক ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সানি হেইসের চরিত্রে অভিনয় করেছেন।

লস অ্যাঞ্জেলেসে তারকাদের বাড়িতে চুরির ঘটনা নতুন নয়। এর আগে, ২০২২ সালের ভালোবাসা দিবসে নিকোল কিডম্যান ও কিথ আরবান এবং তার আগের বছর টম হ্যাঙ্কস ও রিটা উইলসন-এর বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছিল।