একতরফাভাবে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না বলে রায় দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক আদালত। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) ‘পরিপূরক এখতিয়ার রায়’ জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তান এক বিবৃতিতে বলেছে, দ্য হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না, সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিস প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। রায়ে স্পষ্ট হয়েছে যে, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না।
আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। রায়কে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখেছে দেশটি। যা ভারতের কিষাণগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে পাকিস্তানের আপত্তির মুখে ফেলেছে। পাকিস্তান বলছে, ভারতের একতরফা পদক্ষেপ আদালত বা নিরপেক্ষ বিশেষজ্ঞের বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে কেড়ে নিতে পারে না।
চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তান তখন জানায়, তার পানির অংশ স্থগিতের চেষ্টা ‘যুদ্ধ ঘোষণার সমতুল্য’ এবং সিন্ধু পানি চুক্তিতে একতরফা স্থগিতের কোনও সুযোগ নেই। পরে পাকিস্তান ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আদালতে যাওয়ার ঘোষণা দেয়।
পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, পিসিএ’র রায়কে স্বাগত জানিয়ে পাকিস্তান জানিয়েছে, ভারত সিন্ধু পানি চুক্তির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিলেও আদালত তার এখতিয়ার নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত শুনানির পর প্রথম ধাপের মেরিটসের ওপর আদালতের রায় পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান।