রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর দনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ইশরাত জাহান করবী (২৩)। আহত হয়েছেন তার বন্ধু মুনিম রহমান রাফি (২৫)। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারে পড়তেন ইশরাত।

শুক্রবার রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ইশরাত। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ জানান, শুক্রবার রাতে ইশরাত জাহান তার বন্ধু রাফির মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ডেমরা কোনাপাড়া থেকে রামপুরায় ফেরার সময় দনিয়া কলেজের সামনে এলে একটি ট্রাক ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় দুজনই। পরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান ইশরাত।

হাসপাতালে ছাত্রীর বাবা আব্দুর রশীদ জানান, তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার দলুইপুর গ্রামে। ইশরাত জাহান ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারে পড়ত। বর্তমানে থাকত রামপুরায় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। শুক্রবার রাতে তার বন্ধুর মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় শিকার হয় ইশরাত। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইশরাত ছিল বড়।