বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব না: সালাহউদ্দিন

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) একটি জটিল প্রক্রিয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়।

বিএনপির এই নেতা বলেন, সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। সংস্কার কোনো বাইবেল নয়। এটি চলমান প্রক্রিয়া।