ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যুনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে।’

শনিবার সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে ‘সিলেট বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু আরও বলেন, ‘ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আজিম ও মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক। সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা আলোচনায় অংশগ্রহণ করেন।