ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিলের পালমেইরাস। শনিবার ফিলাডেলফিয়ায় এক রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময়ে পলিনহোর দুর্দান্ত এক গোলে আরেক ব্রাজিলীয় ক্লা বোটাফোগোকে ১-০ ব্যবধানে হারায় সাও পাওলোর ক্লাবটি।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পালমেইরাস। মরিসিও, এস্তেভাঁও এবং রিচার্ড রিওস একের পর এক আক্রমণে বোটাফোগোর গোলরক্ষক জনকে ব্যস্ত রাখেন। জন কয়েকটি চমৎকার সেভ করে দলকে খেলায় রাখলেও, আক্রমণে ফোগাও ছিল প্রায় নিষ্প্রভ—ওয়েভারটনের গোলমুখে তেমন একটা হুমকি তৈরি করতে পারেনি।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই জ্বলে ওঠেন পলিনহো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯ মিনিটে মারলন ফ্রেইতাসকে চোখ ধাঁধানোভাবে কাটিয়ে কৌশলী ফিনিশে বল জড়ান জালে।
ম্যাচের শেষদিকে পালমেইরাস ১০ জনের দলে পরিণত হয় গুসতাভো গোমেজ ফাউলের জন্য হলুদ কার্ড দেখার পর। তবুও শেষ পর্যন্ত নিজেদের রক্ষণ দৃঢ় রেখে জয় ধরে রাখে দলটি।
কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের প্রতিপক্ষ হবে চেলসি অথবা বেনফিকা।