জাতীয় ইমাম সম্মেলন আজ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবিবার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ সাধন, তরুণ প্রজন্মের নৈতিক চেতনা জাগ্রতকরণ ও ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষতা বৃদ্ধি করার লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।

সম্মেলনে হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী ৩ গ্রুপের ৯ জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ দেওয়া এবং তৃতীয় ১ লাখ টাকা। সীরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা। শ্রেষ্ঠ ইমাম ও খামারি ইমামদের ক্ষেত্রেও যথানিয়মে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ, কোরআন হিফজ ও সীরাত চর্চা উৎসাহিতকরণ এবং ইমামদের নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। বিজ্ঞপ্তি