দেশব্যাপী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা, সম্প্রতি ঢাকার খিলক্ষেত এলাকার অস্থায়ী মন্দির সরানোর ঘটনাসহ অন্য সব ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সংখ্যালঘু ঐক্য মোর্চা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে অনতিবিলম্বে ঢাকার খিলক্ষেতে মন্দির পুনর্নির্মাণ, একটি তদন্ত কমিটির মাধমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তি প্রদান এবং লালমনিরহাটে বিনাদোষে আটককৃত পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলসহ অন্যদের অনতিবিলম্বে মুক্তিসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।
প্রেস ক্লাব চত্বরে গতকাল সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিম চন্দ্র ভৌমিক এবং তা সঞ্চালনা করেন যগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়।