দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত বিএসএফের

কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে আটক আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত শুক্রবার রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইনপিলারসংলগ্ন রেল স্টেশনের পাশের এলাকা দিয়ে ওই দুজনকে ফেরত দেয় বিএসএফ। দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এসএম ইব্রাহিম দুলাল এর ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশনরোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে সেখানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সৌরভ কুমার। বৈঠক শেষে বিএসএফ ওই দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দেয়। পরে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি। তাদের মধ্যে আল আমিন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেড়বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। সুমন গত বৃহস্পতিবার দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। গত শুক্রবার দুজনকে ভারতের বালুরঘাট এলাকা থেকে বিএসএফ আটক করে। এরপর বিএসএফের পক্ষ থেকে দুই বাংলাদেশিকে আটকের বিষয়টি বিজিবিকে জানিয়ে পতাকা বৈঠক ডাকা হয়। পরে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে যাচাই করে তাদের পরিচয় নিশ্চিত হয় বিজিবি। হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান, গতকাল শনিবার তাদের  আদালতে পাঠানো হয়।