কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নারী নির্যাতনের এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের যেকোনো উপায়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।’
তিনি আরও লেখেন, ‘খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।’
এরই মধ্যে পুলিশ জানিয়েছে, মুরাদনগরের ওই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল যুবক একটি ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণ করে। সেই বর্বরতার ৫১ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় অন্তত ১০-১২ জন যুবক ওই নারীকে মারধর করছে। সাহায্যের জন্য বারবার চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং অপরাধে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।