হাজারীবাগে পানির ট্যাংকি পরিস্কারের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগের টেনারিমোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংকি পরিস্কার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাড়ির মালিক ও চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮) ও ফারিয়া সুলতানা (৩) এবং বাড়িটির ভাড়াটিয়া বেলাল হোসেন (৩০)। বর্তমানে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, টেনারিমোড় এলাকায় জিয়া উদ্দিনের নিজস্ব একটি দুইতলা বাড়ি রয়েছে। বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন দিনমজুর বেলাল হোসেন। গতকাল বিকেলে বেলাল পানির ট্যাংকি পরিষ্কার করতে নামেন। ট্যাংকির ভিতরে অন্ধকার থাকায় তিনি একটি বৈদ্যুতিক বাতি সংযুক্ত করার চেষ্টা করেন। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন জিয়া উদ্দিন ও তার দুই মেয়ে। হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চারজনই দগ্ধ হন।

আহতদের প্রথমে নেওয়া হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ বেলালের শরীরের ১৭ শতাংশ পুড়েছে। জিয়ার ৪ শতাংশ, রাফিয়ার ৬ শতাংশ এবং ফারিয়ার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তিনজনের অবস্থাই স্থিতিশীল, তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। বেলালকে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।