জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনার সপ্তম দিন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে—সংবিধান ও আইনে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর নিয়োগ কমিটির কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠনের সম্ভাবনা, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং এর সাংবিধানিক ভূমিকা।
সংস্কার প্রক্রিয়ায় এখনো যেসব বিষয়ে সমাধান আসেনি, আজকের আলোচনায় সেগুলোই অগ্রাধিকার পাচ্ছে। এর মধ্যে রয়েছে সংবিধান অনুযায়ী নিয়োগ বিষয়ে কমিশনের পূর্বের প্রস্তাব—‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাবটি বাদ দিয়ে এবার বিকল্প প্রস্তাব আনা হয়েছে। নতুন প্রস্তাবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের কথা বলা হচ্ছে। তবে নির্বাহী ক্ষমতা সীমিত হওয়ার আশঙ্কায় বিএনপি এ প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে কেউ সর্বোচ্চ ১০ বছর দায়িত্বে থাকতে পারবেন—এই প্রস্তাবে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে বিএনপি।
এর আগের, আলোচনায় সংবিধানের মৌলিক কাঠামো নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। ৭০ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারেও অনেকে ইতিবাচক মত দিয়েছে। জাতীয় সংসদে অতিরিক্ত ১০০টি সংরক্ষিত নারী আসনের প্রস্তাবও বেশিরভাগ দলের সমর্থন পেয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের কাঠামো নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রথম দফার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি আলাদা অধিবেশন হয়েছে।