বগুড়ায় নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ মিলল লেকে

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্টের বোট ক্লাবের লেকে পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) লাশ। আজ রবিবার সকালে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

সৌমিকের পরিবার জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে তিনি আর বাসায় ফেরেননি। তার বাসা বগুড়া শহরের জলেশ্বরীতলায়। ছেলের খোঁজ না পেয়ে পরদিন শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান।

নিহত সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায়।

সৌমিকের নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মাঝিরা বোট ক্লাব এলাকায় অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে সৌমিকের পরিবারের সদস্যরা এসে তা শনাক্ত করেন।

ছেলের মৃত্যুতে শোকাহত বাবা তৌফিকুর রহমান বলেন, ‘আমার ছেলে অত্যন্ত মেধাবী ছিল। আমেরিকায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার কোনও খারাপ অভ্যাস ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল, আজ তার লাশ পাওয়া গেল মাঝিরা লেকে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া মৃত্যুর পেছনে কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে একাধিক তদন্তকারী দল কাজ করছে।’