সাম্প্রতিক বছরগুলোতে ক্লাব ফুটবলে যুক্ত হচ্ছে নতুন নতুন টুর্নামেন্ট। এসব টুর্নামেন্টে খেলার কারণে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। ছুটি থাকলেও বাতিল করতে হচ্ছে। চলতি ক্লাব বিশ্বকাপের মাঝে এই বিষয়টি সামনে এনেছেন টুর্নামেন্টে না খেলা বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ক্লাব বিশ্বকাপে খেলার চেয়ে খেলোয়াড়দের ছুটি কাটানো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
গতকাল শনিবার সাও পাওলোয় এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রাফিনহা বলেছেন, ‘সুনির্দিষ্টভাবে বললে, কেউ যদি ইউরোপীয় দলের হয়ে খেলে, তাহলে এখন তার ছুটিতে থাকার কথা। তাই না? উদাহরণস্বরূপ পিএসজির মারকিনিওস এবং বেরালদোর কথা বলা যায়। তারা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছে। এরপর তারা ব্রাজিলিয়ান দলে যোগ দিল এবং এখন তারা এই টুর্নামেন্টে খেলছে। তারা থামার কোনো সুযোগই পায়নি।’
মৌসুম শেষ করার পর সাধারণত জুন–জুলাই মাসের এই সময়টা ফুটবলাররা অবকাশ যাপন করেন এবং পরের মৌসুমের প্রস্তুতি ননেন। কিন্তু ক্লাব বিশ্বকাপের কারণে সেটা হচ্ছে না। রাফিনহা আরও বলেন, ‘অনেকের মনে হতে পারে এটা বাহানা, কিন্তু খেলোয়াড়দের ছুটি বাতিল করতে বাধ্য করা খুবই জটিল বিষয়। এটা খেলোয়াড়দের অধিকার। একটা খেলার জন্য ছুটি বাতিল করতে বাধ্য হওয়া খুবই খারাপ ব্যাপার।’
চলতি আসরে ব্রাজিলের ক্লাবগুলো দারুণ পারফর্ম করছে। নিজ দেশের ক্লাবগুলোর পারফরম্যান্সের প্রশংসা করে রাফিনহা বলেন, ‘সত্যি কথা বললে, ব্রাজিলিয়ান ক্লাবগুলোর অনেক সম্ভাবনা আছে এবং তারা অনেক মানসম্পন্ন। নিজেদের যোগ্যতায় এই ক্লাব বিশ্বকাপে তারা এগিয়ে যাচ্ছে। তারা এতদূর পর্যন্ত পৌঁছেছে এবং কঠিন ম্যাাচগুলো জিতেছে কিংবা ড্র করেছে। এটা তাদের ভালো কাজের ফল।’