এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড

চলতি অর্থবছরের ২৮ জুন পর্যন্ত এসেছে ৩০ দশমিক ৪ বিলিয়ন বা ৩ হাজার ৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনও নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আজ রবিবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের ২৮ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ২ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে ৩৬ কোটি ১২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরজুড়ে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।