মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মাহাদী (১৩) ও ফারাবী (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাদী উপজেলার চরজানাজাত ইউনিয়নের সাজিদুল ইসলাম সাজুর ছেলে ও ফারাবী একই এলাকার সোহান মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশে খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাদেরকে না পেয়ে খালের পারে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি কেউ অফিসিয়ালি আমাকে জানায়নি। খোজ খবর নিয়ে সঠিক তথ্য জানানো হবে বলে জানান তিনি।