মেসিদের দুমড়ে-মুচড়ে দিল পুরনো ক্লাব পিএসজি ‎

‎আন্তর্জাতিক ফুটবলে আরেকটি দুঃসহ রাত কাটালেন লিওনেল মেসি। নিজের পুরনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৪-০ গোলে হেরে গেছে তার দল ইন্টার মায়ামি। চার গোলই হয় প্রথমার্ধে।

‎২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই বছর পিএসজিতে খেলা মেসির জন্য এই ম্যাচটা ছিল পুনর্মিলনের মতো। কিন্তু সেটা রূপ নেয় দুঃস্বপ্নে। আটলান্টার মার্সিডিজ বেন্জ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৬ মিনিটেই জোয়াও নেভেস গোল করে এগিয়ে দেন ইউরোপ চ্যাম্পিয়নদের। ৩৯ মিনিটে আরও একবার গোল করে নিজের জোড়া পূর্ণ করেন নেভেস। এর মিনিটখানেক পর নিজের জালেই বল জড়ান ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। যোগ করা সময়ে আশরাফ হাকিমি দেন চতুর্থ আঘাত।

সাবেক সতীর্থ হাকিমি স্বান্তনা দিচ্চেন মেসিকে
ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম ছিলেন গ্যালারিতে, হাতে অস্ত্রোপচারের পরের স্লিং। আর মাঠে তার দলের এই করুণ অবস্থায় হতবাক তিনি। মেসি প্রথমার্ধে বল ছুঁয়েছেন মাত্র ১৪ বার, যার বেশিরভাগই কিক-অফের সময়।

‎মেসির সঙ্গে খেলা লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসেরও ছিল বাজে পারফরম্যান্স। পুরো দলটাই যেন ধসে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নদের দাপটে।