নোয়াখালীতে বিরল প্রজাতির লিউসিস্টিক জলঢোরা সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি)।
রবিবার (২৯ জুন) দুপুর দুইটায় নোয়াখালী সদর উপজেলার উত্তর সোনাপুর এলাকার কারামতিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জেলা পরিষদ কলোনীতে সাপটি উদ্ধার করেন ডব্লিউএসআরটিবিডি এর শিক্ষানবিশ সদস্য জুনায়েদ।
সাপটির নাম- লিউসিস্টিক জলঢোরা। ইংরেজি নাম- Checkered keelback, বৈজ্ঞানিক নাম- Fowlea piscator Nonvenomous.
উদ্ধারকারী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় দেশ রূপান্তরকে জানান, সাপটি বাংলাদেশে প্রাপ্ত সাধারণ জলঢোরা সাপ। লিউসিজম নামক জেনেটিক্যাল ডিজওর্ডারের কারনে এটি সাদা বর্ণ ধারণ করে। লিউসিজম এমন এক জেনেটিক সমস্যা যার কারণে প্রাণী দেহে রঞ্জক উপাদানগুলোর ঘাটতি দেখা যায়৷ ফলে সেই প্রাণীটি সাদা বা গোলাপি রঙের হয়ে যায়। এক্ষেত্রে চোখের রঙের কোনো পরিবর্তন হয়না। সাপটি লিউসিস্টিক জলঢোরা সাপ।
তিনি বলেন, বাংলাদেশ এটা খুব সম্ভবত ৩য় জীবিত উদ্ধার রেকর্ড।
ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি) গবেষণার জন্য তাদের সংরক্ষণে রেখেছে।