ইরানি সংবাদ উপস্থাপক সাহার এমামি-কে সাইমন বলিভার পুরষ্কারে ভূষিত করেছে ভেনেজুয়েলা। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি এর নিউজ স্টুডিওতে সংবাদ পাঠ করছিলেন তিনি। এসময় ভবনে হামলা চালায় ইসরায়েল।
শনিবার দেশটির রাজধানী কারাকাসে জাতীয় সাংবাদিকতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইসরায়েলি হামলার শিকার সাহার এমামি এবং আইআরআইবির অন্যান্য সাংবাদিকদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।
তিনি হামলার সময় ভবনের ভেতরে উপস্থিত সংবাদকর্মীদের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেন।
মাদুরো বলেন, ‘এই পুরস্কার মানবতার সর্বসম্মত অনুভূতির প্রতিফলন, যা ইরানি নারী সাহার এমামি এবং তার সহকর্মী নিমা রেজাবপুর ও মাসুমেহ আজিমি-র সাহসী ও সত্য উদ্ঘাটনের কাজকে স্বীকৃতি দেয়। এই সংকটময় সময়ে ইরানি জনগণ যে বীরের মতো প্রতিরোধ গড়েছে সেই সত্য তুলে তারা ধরেছেন।’
এসময় ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার নিন্দা জানান মাদুরো। তিনি ইরানি জনগণ, নেতৃত্ব, সরকার ও সশস্ত্র বাহিনীর অটলতা ও সাহসিকতার প্রশংসা করেন।
ইরানে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত আলি চেগিনি সাহার এমামি এবং হামলায় নিহত শহীদদের পরিবারের পক্ষে বিশেষ পুরস্কার গ্রহণ করেন।