চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির ২ দিনের রিমান্ডে

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামি জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩০ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া। 

এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলার মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামি পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ‘নাছির উদ্দিন আহমেদ কোন মামলায় এজহারনামীয় আসামি নন। গত ২জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর চাঁদপুরে আনা হয়।’