নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। তিনি বিদায়ী চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় গত শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি প্রয়াত এম এ হাশেমের পুত্র, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য। বাবার দেখানো পথ অনুসরণ করে আজিজ আল কায়সারও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। আজিজ আল কায়সার বর্তমানে সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আজিজ আল কায়সার বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অনেক দূর এগিয়েছে। এটি সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে। আমি এই প্রতিষ্ঠানকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে চাই। যেন এটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে।’ বিজ্ঞপ্তি