দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ৩০৮ জনের। শনাক্ত হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। এ সময় করোনায় কেউ মারা যায়নি।
গতকাল রবিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করোনা রোগীদের মধ্যে চট্টগ্রাম জেলায় ছয়জন, রাজধানীসহ ঢাকা জেলায় পাঁচজন এবং ময়মনসিংহ ও রাজশাহী জেলায় একজন করে শনাক্ত হয়েছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হলো এবং পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪ জনের। এ বছর মারা গেছে ২২ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই থেকে গতকাল পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এ সময় মারা গেছে ২৯ হাজার ৫২১ জন।
করোনা মহামারী শুরুর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জন রোগটিতে মারা যায়। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে। এরপর ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ ও ২০২৪ সালে ২২ জন করোনায় মারা যায়।
সম্প্রতি ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনার নতুন উপধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং নজরদারি বাড়াতে বলেছে। এমনকি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা পরীক্ষা ও করোনার টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে।