বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

মতবিনিময়সভায় বক্তারা বলেন, ২০০১ সালে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের আইন পাস হয়ে আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারিনি। আইনে নির্দিষ্ট জায়গা কথা বলা আছে। বিশ্ববিদ্যালয়টি নির্দিষ্ট জায়গায় হবে কি হবে না সেই সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে নেবেন। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়াবাসীর স্বপ্ন পূরণে দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার জন্য অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে কাজ শুরু করতে হবে। অস্থায়ী ক্যাম্পাস হিসাবে প্রাথমিকভাবে ভিটিটিআই ও ডেল্টা টাওয়ারে বিষেয়ে অনেকে মত দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়েও সরকারি সকল বিধিবিধানের মাধ্যমে করা হবে।

সভায় বক্তব্য রাখেন নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র অ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর, সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল আলম, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা. আসফারুল হাবিব রোজ, শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।