তীব্র গরমে পুড়ছে ইউরোপ, বিভিন্ন দেশে দাবানলের শঙ্কা

তীব্র গরম ও দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্ক ও ইউরোপের বিভিন্ন অঞ্চল। ইতিমধ্যে ফ্রান্সসহ দক্ষিণ ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড সংখ্যক তাপ সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের ৯৬টি অঞ্চলের মধ্যে ৮৪টিতে বর্তমানে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। ফ্রান্সের জলবায়ু মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচার একে ‘নজিরবিহীন’ পরিস্থিতি বলে অভিহিত করেছেন।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ক্রোয়েশিয়াসহ স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও বলকান দেশগুলোতেও তাপ সতর্কতা জারি করা হয়েছে। স্পেন ও পর্তুগাল গত সপ্তাহের শেষে উষ্ণতম জুনের রেকর্ড করে।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্পেনের আন্দালুসিয়ান প্রদেশের হুয়েলভা প্রদেশের এল গ্রানাডোতে শনিবার বিকালে ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৪.৮ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ডের পর দেশজুড়ে উচ্চ তাপ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ১৯৬৫ সালে সেভিলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এমন পরিস্থিতিতে ইউরোপের অনেক দেশে জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রয়েছে এবং জনগণকে যতটা সম্ভব বাড়িতে থাকার জন্য সতর্ক করছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি সোমবার তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে জানিয়েছে, স্পেন রেকর্ড করা উষ্ণতম জুন মাসের দিকে যাচ্ছে। আবহাওয়া সংস্থার মুখপাত্র রুবেন দেল ক্যাম্পো বলেন, ‘আগামী কয়েকদিন, অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্পেনের বেশিরভাগ অংশে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে।’

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে দ্বিতীয় দিনের মতো দাবানল ছড়িয়ে পড়েছে।

এছাড়া ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অড ডিপার্টমেন্টে রবিবার দাবানল ছড়িয়ে পড়ে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়। দাবানলে প্রায় ৪০০ হেক্টর বনাঞ্চল পুড়ে যায়, যা এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দাবদাহের কারণে ফ্রান্সজুড়ে প্রায় ২০০ স্কুল বন্ধ বা আংশিক বন্ধ রয়েছে। শিক্ষামন্ত্রী এলিজাবেথ বর্ন বলেছেন, শিক্ষার্থীদের দেখাশোনা বা বাবা-মায়েরা যাতে তাদের সন্তানদের বাড়িতে রাখতে পারেন সে বিষয়ে তিনি আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।

বিবিসি জানিয়েছে, রবিবার দক্ষিণাঞ্চলীয় করবিয়েরেস পর্বতমালায় বেশ কয়েকটি দাবানলের ঘটনা ঘটে। এরপরই লোকজনকে সরিয়ে এবং মোটরওয়ে বন্ধ করে দাবানল নিয়ন্ত্রণে আনা হয় বলে সোমবার ফরাসি গণমাধ্যমকে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, রোম, মিলান ও ভেনিসসহ ইতালির ২১টি শহরেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইতালিয়ান সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, দেশজুড়ে হাসপাতালগুলোর জরুরি বিভাগগুলোতে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।

এদিকে সোমবার যুক্তরাজ্যের কিছু অংশে জুনের সবচেয়ে উষ্ণতম দিনের দেখা মিলেছে। ইংল্যান্ডের কিছু অংশে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে সতর্কতা জারি করা হয়েছে। 

পর্তুগালের রাজধানী লিসবনসহ সাতটি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে জার্মান আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

বিবিসি জানিয়েছে, বলকান অঞ্চল ও এর আশপাশের দেশগুলোও তীব্র তাপদাহের সঙ্গে লড়াই করছে, যদিও তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ক্রোয়েশিয়াতেও দাবানল ছড়িয়ে পড়েছে, যেখানে উপকূলীয় অঞ্চলে তীব্র তাপ সতর্কতা জারি করা হয়েছে।

গ্রিসে তাপমাত্রা বেশ কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত সপ্তাহে রাজধানী এথেন্সের নিকটবর্তী উপকূলীয় শহরগুলোতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

রেকর্ড শুরু হওয়ার পর থেকে বুধবার সার্বিয়ায় সবচেয়ে উষ্ণতম দিন এবং বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে রেকর্ড ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার স্লোভেনিয়ায় জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে শুক্রবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।