ভারতীয় ক্রিকেট তারকাদের উত্তরসূরিদের দেখা যাবে দিল্লি প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৫ এর নিলামে। ৫ জুলাই হতে যাওয়া এই নিলামের প্রাথমিক খেলোয়াড় তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির ভাতিজা আর্যবীর কোহলি এবং বিরেন্দর শেবাগের দুই সন্তান— আর্যবীর এবং বেদান্ত শেবাগকে।
১৫ বছর বয়সী আর্যবীর কোহলি, বিরাট কোহলির বড় ভাই বিকাশ কোহলির ছেলে। তিনি একজন লেগ-স্পিনার এবং প্রশিক্ষণ নিচ্ছেন পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে বিরাটের শৈশবের কোচ রাজকুমার শর্মার কাছে। গত মৌসুমে দিল্লি অনূর্ধ্ব-১৬ দলের জন্য নিবন্ধিত খেলোয়াড় হিসেবে ছিলেন তিনি। এর ভিত্তিতে তাকে ক্যাটাগরি ‘সি’-তে রাখা হয়েছে। দিল্লি ক্রিকেটে ‘নিবন্ধিত খেলোয়াড়’ বলতে বোঝায় সেই সব ক্রিকেটার, যারা চূড়ান্ত ৩০ সদস্যের দলে জায়গা পান।
তবে আর্যবীর কোহলি একমাত্র তারকা ক্রিকেটারের আত্মীয় নন যিনি নিলামের খসড়া তালিকায় রয়েছেন। ভারতের প্রাক্তন তারকা ওপেনার বিরেন্দর শেবাগের বড় ছেলে, ১৭ বছর বয়সী আর্যবীর শেবাগও আছেন তালিকায়। তিনি দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। মেঘালয়ের বিপক্ষে রয়েছে তার ২৯৭ রানের এক অসাধারণ ইনিংস। তিনি জায়গা পেয়েছেন ক্যাটাগরি ‘বি’-তে।
তার ছোট ভাই বেদান্ত শেবাগ ১৫ বছর বয়সী একজন অফ-স্পিনার। জুনিয়র কোহলির মতো দিল্লি অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন জুনিয়র শেবাগ। তাকেও রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। ডিপিএলের প্রথম আসরে খেলেছিলেন প্রিয়াংশ আর্য ও দিগবেশ রাঠির মতো তরুণরা। এখানে নৈপুণ্য দেখিয়েই এবারের আইপিএল রানার আপ পাঞ্জাব কিংসে ৩.৮০ কোটি রুপিতে জায়গা পান প্রিয়াংশ। সেঞ্চুরিসহ আসরে ৪৭৫ রান করেন তিনি। আইপিএলে ১৩ ম্যাচে ১৪ উইকেট শিকারী দিগবেশকে কেনে লখনৌ সুপার জায়ান্টস।
আউটার দিল্লি ও নয়া দিল্লি নামে দুই নতুন দল যোগ হওয়ায় এবার ৮ দল নিয়ে বসবে ডিপিএল। গতবারের প্রথম আসরে সাউথ দিল্লি সুপারস্টার্জকে হারিয়ে শিরোপা জিতেছিল ইস্ট দিল্লি রাইডার্স। আর এবারের আসরকে জমিয়ে তুলতে মাঠে দেখা যেতে পারে জুনিয়র কোহলি ও শেবাগদের।