ঢাকার প্রতিটি ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপন করতে একটি সময়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি ঢাকার সব আবাসিক ও বাণিজ্যিক ভবনে ইতোমধ্যে স্থাপিত সৌর প্যানেলগুলো সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জনস্বার্থে করা রিটের ওপর শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ছয় মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। আদালতে বেলা’র পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
অ্যাডভোকেট হাসানুল বান্না বলেন, রুলে ঢাকা শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছাদে স্থাপিত বিদ্যমান সৌর প্যানেলগুলো কার্যকরভাবে চালু রাখার ব্যর্থতা সংবিধান এবং প্রচলিত আইন, পরিকল্পনা ও নীতিমালার পরিপন্থি বিধায় কেন তা অসাংবিধানিক, আইন বহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না এবং সব বিদ্যমান সৌর প্যানেল সম্পূর্ণরূপে কার্যকর করাসহ ঢাকার প্রতিটি ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপন করে বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি ও জাতীয় মহাপরিকল্পনায় প্রতিশ্রুত গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।