সাতক্ষীরার তালায় ভুল করে কোমলপানীয় ভেবে কীটনাশক পান করে এক সপ্তাহের চিকিৎসা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক সার ব্যবসায়ী। ঘটনাটি ঘটে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত ২৪ জুন দুপুরে ব্যবসায়ী হাবিবুর রহমান (৪৫) বাড়ির পাশে এক সারের দোকানে বসেন। তখন সেই দোকানে থাকা (স্পিড) কোমলপানীয়ের বোতল দেখতে পেয়ে তা পান করে ফেলেন। কিন্তু ভুল বুঝতে পরে থেমে গেলেও এরইমধ্যে শরীরে শুরু হয়ে যায় বিষক্রিয়া। পরিবারের সদস্যরা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। তবে সেখান থেকেও ফেরত দিলে ২৮ জুন শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈদুর রহমান জানান, তাকে দুইদিন আগে যখন নিয়ে আসা হয় তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। ভোরে মৃত্যুর তাদের পরিবারের আপত্তি থাকার পরও লাশের ময়নাতদন্তে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
হাবিবুর রহমানের ভাই সুমন রহমান জানান, ভুলক্রমে ঘাস মারার বিষপান করায় বহু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ময়নাতদন্ত শেষে সোমবার বাদ মাগরিব তার জানাযা নামাজ সম্পন্ন হয়।