ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং অন্যথায় হলে আসন বরাদ্দ না পাওয়া আবেদনকারী শিক্ষার্থীদের আবাসন বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের নিকৃষ্ট গণরুম-গেস্টরুম সংস্কৃতি চিরতরে বন্ধ রাখার দাবি জানানো হয়। গতকাল সোমবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিবৃতিতে এমন দাবি জানান শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং তাদের বিভাগ ও আবাসিক হল বরাদ্দ চূড়ান্ত হয়েছে। পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী আমলে এই নবীন অবস্থাতেই শুরু হতো নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের নানা কায়দায় জুলুম-নির্যাতন। আবাসিক হলের গণরুমগুলোর নিকৃষ্ট পরিবেশে বসবাস করতে আর গেস্টরুম নির্যাতনের মাধ্যমে অপরাজনৈতিক কর্মকা-ে অংশ নিতে বাধ্য করে ধ্বংস করা হতো নবীন শিক্ষার্থীদের সৃজনশীল মন ও মননকে।
তাই বিগত সময়ের গণরুম-গেস্টরুম তথা নির্যাতনমূলক অপরাজনৈতিক সংস্কৃতি যেন আর ফিরে না আসে, তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি হলে সিটের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের যথাযথভাবে আবাসন সুবিধা নিশ্চিত করা এবং অন্যথায় আবেদনকারী যেসব শিক্ষার্থী সিট বরাদ্দ পাবে না, তাদের আবাসন বৃত্তির আওতায় এনে তাদের আবাসনপ্রাপ্তিতে সহায়তা করার দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।