বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তবে সেটিকে ঘিরে যদি কেউ দেশের জনগণের গণতন্ত্রের আকাক্সক্ষাকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি করতে চায়, তাহলে বলা যায় তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মূল আদর্শে বিশ্বাস করে না।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় ড. মঈন এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আজ যারা বড় বড় কথা বলেন, তাদের অনেকেই ভুলে যান এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে ছাত্রসমাজ, যার ৮০-৯০ শতাংশই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে। তবে তারা কখনো তা মুখে বলেনি, বরং নিজেদের পরিচয় দিয়েছে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ কারও একক মালিকানার সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ সেটাই ভাবতে গিয়ে তার ফল ভোগ করেছে। এখনো কেউ যদি একই ভ্রান্ত ধারণা পোষণ করে, তবে সেটা হবে মারাত্মক ভুল।’ তিনি বলেন, ‘পিআর নিয়ে আলোচনা হতে পারে। পিআর কর্মকাণ্ড চলতেই পারে। কিন্তু এটিকে কেন্দ্র করে যদি কেউ দেশের মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষার বিরুদ্ধে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করে, তাহলে ধরে নিতে হবে তারা বাংলাদেশের মূল আদর্শে নয়, বরং নিজেদের ব্যক্তি ও দলীয় স্বার্থেই বিশ্বাস করে।’
এদিকে সোমবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শৃঙ্খলা কমিটির মিটিং শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে কর্মসূচি রয়েছে আমরা প্রত্যাশা করছি সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে।