প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তারপর থেকেই বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, বোর্ডার–গাভাস্কার ট্রফিসহ সহ গুরুত্বপূর্ণ বহু ম্যাচে তাকে আম্পায়ারিং করতে দেখা গেছে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজেও তাকে দেখা যাবে ম্যাচ পরিচালনার দায়িত্বে।
হেডিংলিতে ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজের (বর্তমান নাম অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি) প্রথমটিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। তবে ২ জুলাই শুরু হতে চলা এজবাস্টন টেস্ট ও ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে ৪৮ বছর বয়সী এই বাংলাদেশিকে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে।
মাস ছয়েক আগেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ারিং করেছিলেন শরফুদ্দৌলা। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল। যদিও ভোট তার পক্ষেই যায়। এছাড়া দুই দেশের মেজাজী ক্রিকেটারদের সামলানোও সহজ কথা নয়। এবার দেখা যাক, ক্রিকেটের এলিট দুই দেশের ম্যাচ পরিচালনায় তিনি কেমন ভূমিকা রাখেন।