জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই কর্মসূচির।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা পীরগঞ্জে পৌঁছান। শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। এরপর তাঁরা আবু সাঈদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পীরগঞ্জে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে এনসিপি নেতারা গাইবান্ধার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। বিকেল তিনটায় রংপুর শহরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হবে দিনটির পদযাত্রা ও পথসভা।
এর আগে, গত রবিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।