ব্রাজিলীয় ক্লাবের কাছে হেরে রেগে আগুন লাউতারো মার্তিনেজ 

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হারের পর সতীর্থদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ইন্তার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ম্যাচ শেষে হতাশ লওতারো জানিয়ে দেন, কেউ যদি ক্লাবের প্রতি আন্তরিক না থাকেন, তাহলে চলে যাওয়াই ভালো।

“আমি ট্রফি জিততে চাই। যারা ইন্টারে থাকতে চায়, তাদের স্বাগত। আমরা একসঙ্গে লড়ব। কিন্তু যারা ক্লাব ছাড়তে চায়, তারা চলে যেতে পারে। আমাদের এমন খেলোয়াড় দরকার যারা এখানে থাকতে চায়। আমরা একটি গুরুত্বপূর্ণ জার্সি পরে খেলি। আমাদের মানসিকতা উচ্চ পর্যায়ে থাকতে হবে—নাহলে দয়া করে চলে যান,” বলেন লাউতারো ।

ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, লাউতারোর এই ক্ষোভ মূলত মধ্যমাঠের খেলোয়াড় হাকান চালহানওগলুর প্রতি। তিনি ক্লাব বিশ্বকাপে খেলতেই আসেননি। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে ক্লাবের প্রকল্প নিয়েও তেমন আগ্রহী নন তুর্কি তারকা।

ইন্তার  মিলানের স্পোর্টিং ডিরেক্টর বেপ্পে মারোত্তাও ইঙ্গিত দিয়েছেন, লওতারোর মন্তব্য চালহানওগলুকে উদ্দেশ্য করেই।

“আমার ধারণা, ওর কথাগুলো হাকানকে উদ্দেশ্য করেই বলা। একজন খেলোয়াড় যদি আর ক্লাবে থাকতে না চায়, তার চলে যাওয়ার অধিকার আছে। এখনো কেউ অফিসিয়ালি এমন কিছু বলেনি। আমরা আগামী সপ্তাহে হাকানের সঙ্গে খোলামেলা কথা বলব,” বলেন মারোত্তা।

ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো আরও বলেন, “আমার বার্তাটা স্পষ্ট। কিছু ব্যাপার আমার পছন্দ হয়নি। আমি কারো নাম নেব না। যারা স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি অধিনায়ক হিসেবে ক্লাবকে উচ্চস্থানে রাখতে চাই। এটা খুব দীর্ঘ ও ক্লান্তিকর মৌসুম ছিল।”

দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইন্টার মিলানে যে ভাঙনের সুর বাজছে, সেটি লওতারোর কথাতেই স্পষ্ট। এখন দেখার বিষয়, এই বিতর্কের পর চালহানওগলু সত্যিই ছাড়েন কিনা।