দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৬ বছরে পা রাখায় শুভেচ্ছা জানিয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে বাংলানিউজ কার্যালয়ে এসে এই শুভেচ্ছা জানান পত্রিকাটির সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ।
সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বলেন, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে আমি আশাবাদী, আগামী দিনে তারা দেশের মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। সেই সঙ্গে জাতিকে ঐক্যবদ্ধ রাখার কাজেও অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে সংবাদমাধ্যমগুলো অনেক কিছুই প্রকাশ করতে পারছে। আমি মালিকদের উদ্দেশে বলতে চাই— তারা যেন গণমাধ্যমে প্রতিবন্ধকতা তৈরি করে এমন কিছু না করেন। আশা করি, তাঁরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস রাখেন। বাংলানিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি’র (ইডব্লিউএমজিপিএলসি) প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সেই থেকে দেড় দশকের পথপরিক্রমায় লাখো পাঠক ও শুভানুধ্যায়ীকে পাশে পেয়েছে এই সংবাদমাধ্যম।