আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে শামিম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পুরাতন পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি স্টীলের ধারালো চাপাতি, একটি লোহার তৈরি লম্বা ধারালো দা, একটি দ্বি-মাথা ধারালো ভাইকিং কুড়াল, দুটি লোহার তৈরি ধারালো ছুরি, একটি মোটরসাইকেলের পুরাতন চেইন, একটি লোহার তৈরি কালো কভারযুক্ত পাইপ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তার শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটোপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে বর্তমানে আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকার খাঁজার বাড়ীর ভাড়া থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এঘটনায় গ্রেপ্তারকৃতকে আশুলিয়া থানা দায়ের করা মামলায় (নং-১০৩), ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, শামিম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী করে আসছিলো। তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে রয়েছে।
এছাড়া মামলার পলাতক আসামি মো. স্বপন (৩৪), বাবু ওরফে কালা বাবু (৩৫), জুনায়েদ হোসেন ওরফে জুনুকে (২২) গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
অন্যদিকে রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় রিমান্ডে থাকা শীর্ষ সন্ত্রাসী বাপ্পির দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।