অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবারও অংশ নেবে বাংলাদেশ 'এ' 

২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও অংশ নিচ্ছে এশিয়ার বাংলাদেশ 'এ'।  আগস্টে ডারউইনে আয়োজিত এই প্রতিযোগিতায় আরো অংশ নেবে পাকিস্তান শাহিনস ও নেপাল। 
এর আগে ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ 'এ' দল। পাকিস্তান শাহীন্স টানা তৃতীয় বছরের মতো এই সিরিজে খেলবে। এই দুদলের মধ্যে ম্যাচ দিয়ে ডারউইনে ১৪ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। 

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেছেন, “পাকিস্তান ও বাংলাদেশ, পৃথিবীর জনবহুল শীর্ষ ১০ দেশের মধ্যে পড়েছে। তাদের অংশগ্রহণ আমাদের এই টুর্নামেন্টকে বৈশ্বিক প্ল্যাটফর্মে উন্নীত করছে।”

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, “এই সিরিজটি আমাদের উদীয়মান খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিবেশে খেলার দুর্লভ সুযোগ দেয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

গতবার বিগ ব্যাশের অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স ও রেনেগেডস, পার্থ স্কর্সার্স ও তাসমানিয়া অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। এবার দলের সংখ্যা বাড়িয়ে ১১ করা হয়েছে।