জামায়াতের নায়েবে আমির

ভোট ডাকাতি থাকবে না বলেই পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্ল্যাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যারা আজ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ বন্ধ করতে সমর্থন ও সহযোগিতা করছে না, তারাই আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’

মঙ্গলবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠানপূর্বক আলোচনা তিনি এসব কথা বলেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদেরসহ ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত দেশের জন্য আত্মদানকারী সকল বীরের জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

সভায় তাহের বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নাই। পিআর পদ্ধতিতে ভোট ডাকাতির কোন সুযোগ থাকবে না বলেই কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচনকে ভয় পায়। সেজন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সমর্থন জানাচ্ছে না।’

তিনি বলেন, ‘যারা নির্বাচনের আগেই সংসদে ২৮০ আসন পাবে দাবি করে নিজেরা একক সরকার গঠনের ঘোষণা দেয়; তারাই সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বাধা সৃষ্টি করবে। তারা মূলত হাসিনা মার্কা যেনতেন একটি নির্বাচন চায়। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে, বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জনগণের প্রত্যাশিত সরকার গঠন না হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। আবারো মানুষ মতপ্রকাশের স্বাধীনতা হারাবে। রাষ্ট্র কর্তৃক জুলুমের শিকার হবে।’

তাহের বলেন, ‘চব্বিশের স্বাধীনতার মাধ্যমে মানুষ মতপ্রকাশের স্বাধীনতা লাভ করেছে। ১৯৪৭ সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি, এরপর ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভ করেছি। কিন্তু মহান মুক্তিযুদ্ধের চেতনা বিগত ৫৪ বছরেও বাস্তবায়ন হয়নি। মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি। বরং মানুষ শোষণের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, রাষ্ট্র কর্তৃক জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। যার কারণে সবশেষ ২০২৪ সালে আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের হাত থেকে এই জাতি স্বাধীনতা লাভ করেছে। ২৪-এর স্বাধীনতা আর কাউকে ছিনিয়ে নিতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অর্জিত নতুন বাংলাদেশে মানুষ এখন মৌলিক পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। এজন্য সরকার কয়েকটি সংষ্কার কমিশন গঠন করেছে। ঐক্যমত কমিশন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ৩২টি রাজনৈতিক দলকে একত্রিত করে তাদের মতামত গ্রহণ করছে। এনডিএম, বিএনপিসহ ৩টি দল ব্যতিত সব দল শর্তহীন প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি কেউ থাকতে পারবে না প্রস্তাবের পক্ষে সমথর্ন জানিয়েছে। অবশ্য বিএনপি পরবর্তী শর্ত দিয়েছে তাদের অন্য সব প্রস্তাব মেনে নিলে তারাও প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি কেউ থাকতে পারবে না প্রস্তাবের পক্ষে সমথর্ন দিবে। তা-ও দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রী থাকার পর এক মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে! এই শর্তে বিএনপি প্রস্তাবে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘কারো উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে মহৎ উদ্দেশ্যে তিনি সমর্থন জানান না, জানাতে পারে না। যারা আজ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ বন্ধ করতে সমর্থন ও সহযোগিতা করছে না, তারা মূলত আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায়।
দেশের মানুষ অতীতের চেয়ে বহুগুণ বেশি সচেতন।

দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পুরানা পল্টনে দলের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, পটুয়াখালী - ২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।