‘আজও শুটিং করছি’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুই সিনেমাতেই জয়ার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে এই অভিনেত্রী আছেন কলকাতায়।

এদিকে জয়া আহসানের জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার (১ জুলাই)। তবে বিশেষ এই দিনে তেমন কোনো আয়োজন ছিল না অভিনেত্রীর। ব্যস্ত সময় পার করেছেন শুটিংয়ে। 

জয়ার কথায়, আজও (গতকাল) শুটিং করছি। ‘অর্ধাঙ্গিনী’র অনেক কঠিন দৃশ্যের শুটিং আছে। এর মধ্যে আবার ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা আছে, সেখানেও যাওয়া হবে। ভালো লাগছে অনেক ফোন আসে, টেক্সট আসছে, মনে হয় যে পৃথিবীতে জন্ম নেওয়ার একটা কারণ আছে। কেউ কেউ আমাকে হয়তো কেয়ার করে, আমার খুব অবাক লাগে। এমনিতে জন্মদিন নিয়ে ছোটবেলা থেকে খুব বাড়াবাড়ি করি না। আমার কাছে এটা অন্য যেকোনো দিনের মতো। তারপরও অনেক কিছু হয়ে যায়। তবে হোলি আর্টিজানের ঘটনার পর তো আর করি না।

শুটিং কত দিন পর্যন্ত চলবে জানতে চাইলে জয়া আহসান বলেন, দুই সপ্তাহ ধরে আজও ‘অর্ধাঙ্গিনী’র শুটিং করছি। এখন শেষের দিকে। তাই আপাতত ঢাকায় ফেরা হচ্ছে না। শেষ হলে পরে দেখা যাবে।

তবে জানা যায়, কৌশিক গাঙ্গুলীর সিনেমার শুটিংয়ে অংশ নিতে জুনের মাঝামাঝিতে দেশত্যাগ করেন এই অভিনেত্রী। ‘ডিয়ার মা’ নিয়ে ভারতীয় দর্শকের প্রত্যাশা কেমন এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘ভীষণ রকম প্রত্যাশা। টিজার দেখে সবাই তো পাগল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার (কাল) এর ট্রেলার আসবে।’