কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকা-ে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে দেখা করতে যান মুরাদনগরের ৫ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল মঙ্গলবার দুপুরে হেলিকপ্টরযোগে মুরাদনগর পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের মাঠে নেমে সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যান কায়কোবাদ। তবে এ সময় ভুক্তভোগী ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত না থাকায় এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
এলাকাবাসীর উদ্দেশে কায়কোবাদ বলেন, ‘যে ঘটনাকে কেন্দ্র করে আমি এখানে এসেছি, আমি যা শুনেছি, যা দেখেছি, আমি তাতে মর্মাহত। হিন্দু ভাইয়েরা আমার ভাই। আপনারা এই হিন্দু পরিবারের প্রতি, শুধু হিন্দু পরিবারের প্রতি নয়, সব হিন্দু ভাইয়ের প্রতি যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের পাহারা দিয়ে রাখতে হবে। এটা খালেদা জিয়ার নির্দেশ, তারেক জিয়ার নির্দেশ। আপনারা দোয়া করবেন যাতে এমন ঘটনা যেন বাংলাদেশ আর না ঘটে। এটার যেন একটা সুষ্ঠু তদন্ত হয়, তদন্ত হয়ে সুষ্ঠু বিচারের ব্যবস্থা হয়, আপনার দোয়া করবেন। তিনি আরও বলেন, একটা মহল বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপির বদনাম করার জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আল্লাহ যাকে হেফাজত করে, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। মনে রাখতে হবে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আমাদের জীবন থাকতে বিএনপির বদনাম হতে দেব না ইনশাআল্লাহ।