চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) ১৮ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগের ঘোষণা অনুযায়ী ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে ১২টায়। এর আগে গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের তথ্য বলছে, বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।