মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় ৪ যুবকের রিমান্ড শুনানি কাল

কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের একটি মামলায় আটক চার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে পুলিশ। গত সোমবার তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। 

গতকাল মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হকের আদালতে পুনরায় এ আবেদন পেশ করেন। আদালত শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইও।

আটক চার আসামি হলেন—মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ এবং তালেম হোসেনের ছেলে অনিক।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এক নারীর বসতঘরে ঢুকে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে সুমন, রমজান, আরিফ ও অনিকসহ স্থানীয় আরও কয়েকজন মিলে ঘটনাস্থলে ভিডিও ধারণ করেন এবং ধর্ষণের মূল অভিযুক্ত ফজর আলীকে মারধর করেন।

ঘটনার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী নারী নিজেই থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ পর্নোগ্রাফি আইনে চার যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ফজর আলীকেও গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।