নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।

ডা. রাজীব বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি ভর্তি হন। এরপর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হওয়ার পর দুপুরের দিকে তার করোনা শনাক্ত হয়। এরপর বিকেলে অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কিট ঘাটতির কারণে এখনো উপজেলা পর্যায়ে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু করা যায়নি।’