ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ; মুখ খুললেন স্যামি

ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও শারীরিক আঘাতের অভিযোগ এনেছেন ২৪ বছর বয়সী এক নারী। সেই নারীর অভিযোগ- পুলিশ তার অভিযোগকে আমলে নিচ্ছে না। এদিকে ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

গত ২৫ জুন গায়ানাভিত্তিক সংবাদপত্র ‘কাইটুর নিউজ’ যৌন নিপীড়নের খবর প্রকাশ করে। তবে অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, প্রোভিডেন্স অঞ্চলে তার নিজে বাড়িতে এক সন্ধ্যায় সেই ক্রিকেটার আমন্ত্রিত ছিলেন। সুন্দর সেই সন্ধ্যা রূপ নেয় বিভীষিকায়। ক্রিকেটারের দ্বারা আহত হওয়ার বেশ কিছু ছবি পত্রিকাটিকে দেখিয়েছেন ওই নারী। পাশাপাশি হোয়াটসঅ্যাপের কিছু বার্তার স্ক্রিনশটও আছে, যেগুলোতে অভিযুক্ত ক্রিকেটার নারীটির কাছে ক্ষমা চেয়ে ঘটনা গোপন রাখতে বলেছেন। এ জন্য তাকে টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই নারী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

গ্রানাডায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ড্যারেন স্যামি বলেন, ‘সংবাদমাধ্যমে যা চলছে, আমরা সবাই অবগত আছি। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আমার খুব ঘনিষ্ঠ। তাদের সঙ্গে কথা বলেছি। নিশ্চিত করেছি সবাই যেন মানসিকভাবে ভালো থাকে। একটা কথা বলতে পারি, আমরা সবাই ন্যায়বিচারে বিশ্বাস রাখি। আমরা এমন একটি সম্প্রদায়, যারা বিশ্বাস করি, ন্যায়বিচার হতেই হবে।’

তিনি আরও বলেন, ‘সবকিছুরই প্রত্রিয়া আছে। যথাযথ প্রক্রিয়া ও সঠিক পদ্ধতি যেন অনুসরণ করা হয়, এটা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব উপায়ে সমর্থন করে যাব। ক্রিকেট বোর্ড হিসেবে, প্রধান কোচ হিসেবে আমি, সবার জন্য ন্যায়বিচার চাই। তবে এখনও এটা কেবল অভিযোগের পর্যায়ে আছে। বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি। সব প্রক্রিয়া সঠিক পথে যাওয়ার অপেক্ষা করতে হবে সবাইকে।’

পত্রিকাটির দাবি, এর আগেও ওই ক্রিকেটারের বিরুদ্ধে অন্তত চারজন নারী এই অভিযোগ এনেছিলেন। সর্বশেষ দুই বছর আগে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছিল। তবে পরে সেটার আইনী প্রক্রিয়া আর শুরু হয়নি এবং ধীরে ধীরে ঘটনা চাপা পড়ে যায়। এবার প্রতিকায় প্রতিবেদন প্রকাশের পর সেই ক্রিকেটার গায়ানা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে দাবি করা হয়েছে।