নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিমের বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী ২ নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি ডালিমের স্ত্রী নুপুর আক্তার (৩২) ও সহযোগী শেলি আক্তারকে (৩৫) আটক করা হয়। এ সময় কৌশলে ডালিম পালিয়ে যায়। তার বাড়ির ভিতরে তল্লাশী চালিয়ে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। ডালিম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত। আটকের পর ২ নারী মাদক কারবারিকে দুপুর ৩টায় আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে ডালিম একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।