সংবিধানিক ও রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি-এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সভাটি সঞ্চালনাও করেন।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব এখনও বহাল রয়েছে। এই ব্যবস্থার বিরুদ্ধেই জাতীয় নাগরিক পার্টি গড়ে উঠেছে। জনগণের সমর্থন ছাড়া আমরা এগোতে চাই না।
তিনি আরও বলেন, গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। কিন্তু শাসক বদলালেও শোষণ ও অব্যবস্থার অবসান হয়নি। রাজা আসে, রাজা যায়—কিন্তু লালমনিরহাটের উন্নয়ন হয় না।
তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্প নিয়ে কোনও টালবাহানা বরদাশত করবে না এনসিপি। বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় যেন লালমনিরহাট উপেক্ষিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে নেতারা সরকারের ব্যর্থতা, দলীয় দুর্নীতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি তুলে ধরেন। পাশাপাশি তারা লালমনিরহাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহম্মেদসহ লালমনিরহাট জেলা নেতৃবৃন্দ।