আমিনুল হক বললেন

যারা দিনে বিএনপি, রাতে আ. লীগ করেছে তাদের সদস্য করা যাবে না

যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এবং ব্যবসা করেছে তাদের বিএনপির সদস্য পদ নবায়ন করা হবে না বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

আজ বুধবার শাহআলী ও হাতিরঝিল থানা বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সদস্য নবায়নের বিষয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, যারা আওয়ামী স্বৈরাচারের দোসর, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে—তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না। যারা বিএনপির নাম ব্যবহার করে সুবিধা নিয়েছে বা ব্যবসা করেছে স্বৈরাচারের সঙ্গে-তাদের সদস্যপদও নবায়ন হবে না।

এ সময় আমিনুল হক ফরম আদায়কারীদের দিকেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসরদের যদি কোনও আদায়কারীর স্বাক্ষরে সদস্যপদ নবায়ন হয়, তাহলে সেই আদায়কারীর বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কখনো অন্যায়, চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ এলে প্রথমে আইনগত ও পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল বলেন, বিএনপি বিশ্বাস করে—দেশের সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ। তাই আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে এবং সেই পথেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

হাতিরঝিল থানা বিএনপি আহ্বায়ক নাজমুল হক মাসুম ও শাহআলী থানা বিএনপি আহ্বায়ক এস এম কায়সার পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন।