ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ

রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় পূর্ব নুরেরচালা বাজার এলাকার স্কুলে পাশে একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হালিম শেখ (৫০) ও তার ছেলে হানিফ শেখ (২৪)। হালিম ডিস লাইনের কাজ করেন আর হানিফ গাড়িচালক।

এই ঘটনায় সামান্য আহত হয়েছেন হালিম শেখের স্ত্রী শিউলি বেগম। তিনি জানান, তাদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন। সন্ধ্যায় চুলায় রান্না বসিয়ে তিনি পাশের রুমে কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। রান্না ঘরের পাশেই ছিল বাবা-ছেলে। এতে তাদের দু'জনের শরীরেই আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দুজনের শরীরেই অনেকাংশ পুড়ে গেছে। তাদের জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।