নরসিংদীর রায়পুরায় লাইসেন্স নবায়ন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে খুন হয়েছেন শাহিন আলম (৩৮) নামে এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শামীম মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ।
নিহত শাহিন আলম রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্য ও পাইপের ব্যবসা করতেন। অন্যদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবক আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পূর্বপাড়া এলাকার জালু মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শাহিন আলম নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে ইউনিয়ন পরিষদে যায়। কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের ভেতরে আসেন শামীম। এ সময় অতর্কিত অবস্থায় শাহীনের মাথায় পরপর দুটি কোপ দিয়ে বসেন তিনি। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মতিন বলেন, বিকালে শাহিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। তার মাথায় দুটি কোপের আঘাত পেয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। আর এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ব বিরোধ বা অন্য কোন কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।