বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য গঠনে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। অর্থবিল ও আস্থাভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন— এ বিষয়ে সব পক্ষ একমত হয়েছে।’
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, আজকের আলোচনায় ছিল সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে সম্ভাব্য সংশোধনী।
তিনি বলেন, ‘বিচার বিভাগকে বাইরে রেখে গ্রহণযোগ্য বিকল্প কী হতে পারে, সে বিষয়ে আজ মতবিনিময় হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি গঠনের প্রস্তাব বিএনপি দিয়েছে, যা নিয়ে আলোচনা হয়েছে।’
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী এ প্রক্রিয়া পরিচালিত হলেও আইনে কিছু সংযোজনের বিষয়ে সম্মতি হয়েছে বলেও জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘এই ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি বিচারাধীন। আমরা আশাবাদী, রায় জনগণের পক্ষে যাবে। তত্ত্বাবধায়ক সরকার যাতে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেজন্য বিচার বিভাগ ছাড়াও বিকল্প পথ রাখার বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপি তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের প্রস্তাব দিয়েছে। তবে কোনো কারণে বিলম্ব হলে অতিরিক্ত এক মাসের সুযোগ রাখা যেতে পারে।
তত্ত্বাবধায়ক সরকারের আওতায় স্থানীয় সরকার নির্বাচন না থাকলেও জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশনের আওতায় থাকছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন।