এমন হারের পর শান্তিতে ঘুমাতে পারবে না ক্রিকেটাররা : তাসকিন

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৭৭ রানে। হারের ব্যবধানটা আরও বেশি হতে পারতো। ২৪৪ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৬৭ রানে। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় আসবে বাংলাদেশের ব্যাটিং ধস।

লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৫ রান। তবে এরপরই ধসের শুরু। ১০৫ রানে বাংলাদেশ হারায় অষ্টম উইকেট। ৫ রানের মধ্যে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন পেসার তাসকিন আহমেদ। দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, 'আমি যখন ড্রেসিং রুমে কফি হাতে নিয়ে একটু রিল্যাক্স করছিলাম, তখন হঠাৎ দেখি পাঁচটা উইকেট পড়ে গেছে! ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অনেক কিছুই ঘটে। কিন্তু এটা আমি মোটেও প্রত্যাশা করিনি। আশা করি, আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। সবার কাছেই আমার অনুরোধ, ভুল থেকে যেন আমরা শিক্ষা নিই।'

বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা ভালোবাসে সেটি জানেন খেলোয়াড়রাও। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তাসকিন। বলেন, 'আমি জানি, আমাদের সমর্থকরা চায় আমরা ভালো খেলি। আমরাও সেটাই চাই। বিশ্বাস করুন, এমন হারের পর যারা হোটেলে ফিরেছে, তারা কেউই শান্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। তবে আমরা চেষ্টা করছি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি - এমন সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনক ভাবে হেরে গেছি। তবে আমরা দ্রুত ঘুরে দাঁড়াব। ভালো কিছু উপহার দিতে চাই। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা পরিশ্রম করছি, করতেই থাকব।'

তাসকিন প্রেমাদাসার উইকেট নিয়েও কথা বলেছেন। তার মতে এই উইকেট ট্রিকি। 'প্রেমাদাসার উইকেট একটু ট্রিকি। হাসারাঙ্গার ওটা ছিল টার্নিং উইকেট, এক ওভারেই দুই সেট ব্যাটার আউট হয়ে গেল। সেখান থেকেই ধস নামল। যদিও শুরুটা আমরা দারুণ করেছিলাম- ১৬ ওভারে ছিল ১০০ রানে এক উইকেট। কিন্তু এরপর ১০৭ রানে ৮ উইকেট! এটা আমাদের জন্য সত্যিই ভীষণ হতাশাজনক।'