আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আসিফ

যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার সকালে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে এক কৃষিবিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষেত্রে যেটি হয়েছে, সেটি ভুলবশত। তিনি লাইসেন্স থাকা অস্ত্র সঙ্গে রেখেছেন ঠিকই, কিন্তু ম্যাগাজিনও সঙ্গে ছিলÑ এটি তার ভুল হয়েছে, ইচ্ছাকৃত নয়। তিনি আরও বলেন, মুরাদনগরের ঘটনার মতো অনাকাক্সিক্ষত পরিস্থিতি যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখন অত্যন্ত সতর্ক। যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে এরই মধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল আমদানি ও উৎপাদন দুটোই ভালো হয়েছে। দেশে মজুদও কম নয়। তারপরও বাজারে চালের দাম বেশি-এটি দুঃখজনক। এ পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।